চাঁপাইনবাবগঞ্জে একদিন পরই খুলে দেয়া হল দোকানপাট
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২০, ০৬:১২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সদর রহনপুরে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে মার্কেটে জনসমাগম বৃদ্ধিতে দোকানপাট বন্ধ করে দেয়া হয়। কিন্তু বন্ধের একদিন পরই সেগুলো আবার খুলে দেয়া হয়েছে।
শনিবার সকাল থেকে রহনপুর স্টেশন ও পুরনো বাজারের দোকানপাট খোলা দেখা যায়। গত বৃহস্পতিবার স্থানীয় পুলিশ প্রশাসন কর্তৃক দোকানপাটগুলো বন্ধের একদিন পরই খুলে দেয়ায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।
সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, দোকানগুলোতে করোনা সচেতনতার কোনো লক্ষণ নেই। জনসমাগম এড়াতে বন্ধের একদিন পরই দোকানপাট খোলা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ দিকে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করতে রহনপুর স্টেশন বাজার বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ব্যবসায়ীদের কাছ থেকে লক্ষাধিক টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে ওই ব্যবসায়ী নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন।
দোকানপাট খোলা প্রসঙ্গে অপর ব্যবসায়ী নেতা এবং রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন জানান, ব্যবসায়ীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলতে বলা হয়েছে। তারা তা অমান্য করলে আমরা নিজেই দোকানপাট বন্ধ করে দিব।
এ প্রসঙ্গে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, উপজেলা প্রশাসন জনসমাগম এড়াতে কোনো ব্যবস্থা না নেয়ায় গোমস্তাপুর থানা পুলিশ নিজ উদ্যোগে মার্কেটগুলো বন্ধ করে দেয়। স্বাস্থ্যবিধি মেনে মার্কেটগুলোতে কেনাকাটা হলে তাদের কোনো আপত্তি নেই।
