সিলেটে জায়গা দখলে ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা, আহত ৪
Advertisement
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১০:১৫ পিএম
সিলেট
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে জাতীয় জরুরি সেবা-৯৯৯ মাধ্যমে জায়গা দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার খবর পায় পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের নিভৃত করার চেষ্টা করলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে।
পুলিশ আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ রাউন্ড শটগানের ফাঁকা গুলি ছুড়ে। পরে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিঞা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র ও থানা ফাঁড়ির টহল পার্টিসহ অন্যান্য অফিসার ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে নগরীর কুয়ারপাড়ে এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনাস্থল থেকে পালানোর সময় দেলোয়ার হোসেন ওরফে দিলিপ (৫০), মো. মিটন মিয়া (২২) ও আলমগীর হোসেন বাপ্পীকে (২৪) আটক করা হয়। ঘটনাস্থলে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল, ২টি হ্যামার, ২টি লোহার তৈরি শাবল, ১টি লোহার পাইপ, ৩টি রামদা, ১৮টি ঢেউটিন, ১টি সাইন বোর্ড, ৩টি লাল স্কচটেপযুক্ত বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জায়গা দখল ও পুলিশের ওপর সন্ত্রাসী হামলার মূল হোতা শাকিল আহমেদ এলাছ ওরফে পিচ্ছি শাকিলকে আসামি করে এসআই মো. আব্দুল মান্নান বাদী হয়ে পুলিশ এসল্ট ও জায়গার মালিক হাবিবুর রহমান বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
