বাঁশ কাটতে গিয়ে পাহাড় ধসে যুবক নিখোঁজ
Advertisement
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাহাড়ে বাঁশ কাটতে গিয়ে বান্দরবানের আলীকদমে পাহাড় ধসে মো. রুবেল (২৮) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। এ সময় পাহাড় ধসে আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মঙ্গলঝিরি এলাকায় পাহাড়ে ৪ জন কাঠুরিয়া শ্রমিক বাঁশ কাটতে যান। এ সময় বৃষ্টিতে পাহাড় ধসে দুজন শ্রমিক মাটিচাপা পড়েন। তাৎক্ষণিক অন্যরা আহত অবস্থায় হ্লামংচিং মারমা নামে এক শ্রমিককে উদ্ধার করে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন মো. রুবেল (২৮)। তার বাড়ি কক্সবাজারে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। উদ্ধার তৎপরতা শুরু করেছেন দমকল বাহিনীর সদস্যরা।
আহত শ্রমিক হ্লামংচিং মারমা বলেন, আমরা চারজন বাঁশ কাটতে পাহাড়ে গিয়েছিলাম। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ করেই পাহাড় ধসে দুজন মাটিচাপা পড়ি। আমাকে কোনোরকম উদ্ধার করতে পারলেও আরেকজন মাটির নিচে চাপা পড়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সায়েদ ইকবাল জানান, পাহাড় ধসে দুজন শ্রমিক মাটিচাপা পড়েন। একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন মাটির নিচে চাপা পড়েছেন। ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
