গৃহবধূকে নিপীড়নের ভয় দেখিয়ে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
Advertisement
যুগান্তর রিপোর্ট, বরগুনা ও পাথরঘাটা প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনার পাথরঘাটা উপজেলায় হাত-পা, মুখ বেঁধে গৃহবধূকে নিপীড়নের ভয় দেখিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে দক্ষিণ কাকচিড়া গ্রামের বাদল মোক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাদল মোক্তার, স্ত্রী জেসমিন আক্তার তার ছেলে সিনাকে নিয়ে বুধবার রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে সামনের বারান্দার গ্রিলের তালা ভেঙে ডাকাত দল ঘরে ঢুকে।
বাড়ির মালিক বাদল মোক্তার টের পান। এর মধ্যেই পেছন থেকে আরও পাঁচ-ছয়জনের একটি সংঘবদ্ধ দল ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে। এ সময় গৃহবধূকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণের ভয় দেখিয়ে মূল্যবান সামগ্রীর সন্ধান চায়।
গৃহবধূ বলতে রাজি না হলে তাদের বেধড়ক মারধর করে ডাকাত দল।
বাদল মোক্তারের জামাতা পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন যুগান্তরকে মোবাইল ফোনে জানান, ঘরে প্রবেশ করে রাত ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে ঘরের মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে ১০ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে চিনতে পারেননি তারা।
বাদল মোক্তার আরও বলেন, একজন ডাকাতও আমাদের এলাকার নয়। তাদের কথাবার্তা আমাদের এলাকার নয়। তাদের পরনে শর্ট প্যান্ট ছিল। অন্যদের পরনে লুঙ্গি ছিল। যাদের লুঙ্গি পরনে ছিল, তারা আমাদের ভাষায় কথা বলে। তিনি বলেন, এই টাকাগুলো আমার নয়; যারা দলিল করতে আসে তারা রেখে যান।
পাথরঘাটা থানার ওসি সাহাবুদ্দিন যুগান্তরকে বলেন, খবর পেয়ে সদর সার্কেলসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত করে এ ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করা হবে। আমরা এখনও অভিযোগ পাইনি।
