টেকনাফে ‘গোলাগুলিতে’ যুবক নিহত, বিজিবির দাবি ইয়াবাকারবারি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘গোলাগুলিতে’ এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ বিওপির দক্ষিণে গোলারচর পয়েন্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।
বিজিবির দাবি, নিহত ওই যুবক ইয়াবাকারবারি। এ সময় ঘটনাস্থল থেকে ৫২ হাজার পিস ইয়াবা ও একটি লম্বা বন্দুক পাওয়া গেছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর পয়েন্ট দিয়ে ভোরে দুজন লোক হস্তচালিত নৌকায় করে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের তাড়া করেন।
এ সময় বিজিবির উপস্থিতি লক্ষ্য করা মাত্র এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই দুজন। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলিবর্ষণ করে। একপর্যায়ে দুজনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে নদীতে পড়ে যায় এবং অপরজন সাঁতার কেটে পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ৫২ হাজার পিস ইয়াবা ও একটি লম্বা বন্দুক পাওয়া যায়।
মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া বিওপিসংলগ্ন নাফ নদের এলাকা থেকে একটি গুলিবিদ্ধ মৃতদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা উদ্ধার করেন।
মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ইয়াবাকারবারির পরিচয় পাওয়া যায়নি।
