হত্যা মামলায় ১ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২১, ১১:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইলে মফি শেখ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন শুভ, মৃত মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও মৃত ছাকেম আলীর ছেলে সাত্তার মোল্যা। তাদেরও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া আসামি আবেনুর খাতুন ও সাখায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাসের আদেশ দেন আদালত।
মামলার বিবরণে বলা হয়, নড়াইল সদর উপজেলার ভবানিপুর গ্রামের মফি শেখ গত ২০১৬ সালের ১৮ জুলাই সকালে ছেলে মিঠুন শেখের উপবৃত্তির টাকা তুলতে সরকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সেখান থেকে টাকা তুলে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে পৌঁছলে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
