সুনামগঞ্জে ডা. মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন
Advertisement
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ১০:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিএনপির এক নেতার নাতনি সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে এবার সুনামগঞ্জে মামলার আবেদন করা হয়েছে।
রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল হক বাদী হয়ে সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিমের আদালতে মামলাটি নেওয়ার আবেদন করেন।
মামলার আবেদনে আরেক আসামি হলেন, যে ভার্চুয়াল টক শোতে মুরাদ বিএনপি নেতার নাতনি সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন, সেই টকশোর সঞ্চালক মহিউদ্দিন হেলাল নাহিদ।
মামলার বাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক বলেন, বিএনপির এক শীর্ষ নেতার আত্মীয়কে নিয়ে একজন মন্ত্রী যেভাবে কুরুচিপূর্ণ ও অশালীন ভাষায় কথা বলেছেন সেটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কোনোভাবেই কাম্য নয়, এ বক্তব্যে দেশের পুরো নারী জাতিকে অসম্মান করা হয়েছে। আমরা এ ঘটনায় বিচার চেয়ে আদালতে মামলা দায়ের করেছি, আমরা আশাবাদী আদালত মামলাটি আমলে নিয়ে সঠিক বিচারের ব্যবস্থা নেবেন।
মামলা দায়েরকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিএনপিপন্থী আইনজীবী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইনুদ্দিন সুহেল, আইনজীবী নেতা অ্যাডভোকেট মাসুক আলম, আ্যডভোকেট শেরেনুর আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
