Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

কাফনের কাপড় পরে ৩ বোনের অনশন, পেলেন বসত ঘর

Advertisement

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩১ পিএম

কাফনের কাপড় পরে ৩ বোনের অনশন, পেলেন বসত ঘর

Advertisement

বরগুনার বামনা উপজেলায় তিন বোনের দখল হয়ে যাওয়া নিজেদের জমি-জমা ও বশত ঘর ফিরে পেতে কাফনের কাপড় পরে অনশন কর্মসূচি পালন করে তারা। পরে পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন মল্লিক তাদের খাবার খাইয়ে অনশন ভাঙান। একই সঙ্গে তাদের একটি বসত ঘর উপহার দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অনশন ভাঙানোর পর বুধবার বিকালে সরেজমিন পুলিশ সুপার ওই তিন বোনের একটি বসত ঘর উপহার দেন। বিরোধীয় জমি মেপে দিয়েছেন। এছাড়াও তাদের পড়াশুনা, খাবার ও চিকিৎসাসেবার আশ্বাস দিয়েছেন।

বুধবার সকাল থেকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে অনশনে বসেন তিন বোন। তারা হলেন- বামনার গোলাঘাটা গ্রামের মৃত আবদুল রশীদের মেয়ে রুবি আক্তার (২৭) , জেসমিন আক্তার (১৮) ও মোসা. রোজিনা (১৬)। নিজেদের বসত ঘর ও জমি ফিরে না পাওয়া পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এ সময় প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেন তারা।

জানা যায়, মা-বাবা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করান তিনি। এর কয়েক বছর পর ২০১৯ সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদের বসত ঘর থেকেও বের করে দেওয়া হয়। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছেন তারা।

তিন বোনের মধ্যে বড় বোন রুবি আক্তার বলেন, মা-বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনেরা দুঃসম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করত। তিন বছর আগে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাবার সব সম্পত্তি দখল হয়ে গেছে। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছেন। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি এ জমির কোনো নিলাম হয়নি।

রুবি আরও বলেন, বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও ডিসিকে জানালেও তারা আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি; তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

এ বিষয়ে বরগুনা পুলিশ সুপার মোহম্মদ জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, আমি তাদের তিন বোনের অনশনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের খাবার খাইয়ে তাদের নিয়ে সরেজমিন এসে বেদখল হওয়া জমি উদ্ধার করে তাদের বুঝিয়ে দিয়েছি। সেখানে তাদের বসবাস করার জন্য আমি একটি বসত ঘর তুলে দেয়ার কাজ শুরু করেছি।

Advertisement

বরগুনা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম