Logo
Logo
×
   

সারাদেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিহাব এইচএসসিতে পেয়েছেন ৪.০৮

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিহাব এইচএসসিতে পেয়েছেন ৪.০৮

সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিহাব হোসেন এইচএসসিতে জিপিএ ৪.০৮ পেয়েছেন। মঙ্গলবার দুপুরে ফলাফল প্রকাশের পর খবরটি ছড়িয়ে পড়ে।

শিহাবের মা সাহানা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি বুকচাপড়ে অঝোরে কান্না ছাড়া কোনো কথা বলতে পারেননি। অনুভূতি জানতে চাইলে কোনো কথা না বলে শুধু কান্না করছেন।

এ আনন্দের দিনে শিহাবের শূন্যতা অনুভব করছেন তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। ফলাফলে খুশির পরিবর্তে তাদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে।

শহিদ শিহাব এনায়েতপুর থানার মাধবপুর গ্রামের প্রবাসী শফি মিয়ার বড় ছেলে। শিহাবের দুই ভাই হাসান আলী ইমপেরিয়াল প্রি-ক্যাটেট স্কুলে ষষ্ঠ শ্রেণি ও হোসাইন আলী স্থানীয় নুরানি মাদ্রাসায় কেতাবখানায় পড়াশোনা করছে।

শিহাব সিরাজগঞ্জ সরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা স্থগিত হওয়ায় ছুটিতে বাড়িতে এসে সবার সঙ্গে সেদিন আন্দোলনে অংশ নিয়ে গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। সিহাব বিএনসিসি ক্যাডেটসহ গ্রামে নানা সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের এনায়েতপুরের অন্যতম সমন্বয়ক ফয়সাল খন্দকার বলেন, শিহাব এনায়েতপুরের প্রথম শহিদ। তিনি এইচএসসিসহ দুনিয়ার সব পরীক্ষায় সফলতার সঙ্গে কৃতকার্য হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার মতো পরকালেও তাকে সফলতা লাভের তৌফিক দান করেন।

এনায়েতপুর ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সেলিম রেজা জানান, শহিদ শিহাব জিপিএ ৪.০৮ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছেন। এটিও প্রমাণিত হয়েছে- প্রকৃত মেধাবীরাই এ আন্দোলন করেছেন। তার পরিবারকে সরকারিভাবে মেধার মূল্যায়ন করে সহায়তার দাবি করছি।

এইচএসসি ২০২৪ বৈষম্যবিরোধী আন্দোলন

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৪


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .