Logo
Logo
×
   

সারাদেশ

ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতি, অতঃপর...

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫১ পিএম

ফেসবুক লাইভে এসে বাঁচানোর আকুতি, অতঃপর...

নওগাঁর পত্নীতলায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সুমন হোসেন (২৪) নামে এক তরুণ উদ্যোক্তার লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া এলাকা থেকে রোববার রাত ১১টার দিকে ফাঁস দেওয়া অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

এদিকে লাশ উদ্ধারের প্রায় এক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে ছিনতাইকারীরা তার কাছে থাকা ১০ লাখ টাকা ছিনতাই করে তাকে হত্যা করবে বলে আশঙ্কা প্রকাশ করেন সুমন। ৫ মিনিট ২২ সেকেন্ডের ওই ফেসবুক লাইভ ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মৃত সুমন হোসেন উপজেলার নজিপুর পৌরসভার বাসস্ট্যান্ড মসজিদ মার্কেটের সুমন ফটোস্ট্যাটের স্বত্বাধিকারী ছিলেন। তিনি মহাদেবপুর উপজেলার বিলছাড়া চকপাড়া গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

ফেসবুক লাইভে সুমন দাবি করেন, কিছু দিন আগে তিনি নজিপুর বাসস্ট্যান্ড মজসিদ মার্কেটের বুলবুল টেলিকমের স্বত্বাধিকারী বুলবুল হোসেনের কাছ থেকে সুদের ওপর ৭০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এই ঋণের টাকা দেওয়ার সময় বুলবুল সুমনের কাছ থেকে স্বাক্ষর করা ফাঁকা স্ট্যাম্প ও চেকের পাতা নেয়। ঋণ গ্রহণের পর সুমন পর্যায়ক্রমে সুদসহ বুলবুলকে ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু বুলবুল সুমনের কাছ থেকে আরও ৮ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। এই টাকা নেওয়ার জন্য বুলবুল হত্যার হুমকিসহ নানাভাবে সুমনকে চাপ দিতে থাকে।

নিরুপায় হয়ে সুমন বুলবুলের দাবি করা ৮ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করার জন্য সোমবার পর্যন্ত সময় চান। বুলবুলকে টাকা দেওয়ার জন্য সুমন মহাদেবপুর থেকে ১০ লাখ টাকা নিয়ে রোববার রাতে সিএনজিচালিত অটোরিকশাতে করে গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া গ্রামে ফিরছিলেন।

সুমনের ফেসবুক লাইভের ভাষ্য অনুযায়ী, সুমন সিএনজিতে করে গ্রামের বাড়ি ফেরার পথে নাদৌড় মোড় এলাকায় পৌঁছালে দুষ্কৃতকারীরা তাকে সিএনজি থেকে নামিয়ে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি পালিয়ে ফেসবুকে লাইভে এসে তাকে বাঁচানোর আকুতি জানান। ছিনতাইকারীরা তার টাকা ছিনিয়ে নিয়ে তাকে হত্যার জন্য খুঁজছে বলে দাবি করেন তিনি।

সুমনের ভাষ্য, মহাদেবপুর থেকে টাকা নিয়ে বাড়ি ফেরার খবর বুলবুল ছাড়া আর কেউ জানতো না। 

এদিকে সুমনের এই ফেসবুক লাইভ দেখে তার গ্রামের বাড়ি বিলছাড়া চকপাড়া ও আশপাশের গ্রামের লোকজন নাদৌড় মোড়ে ছুটে আসেন। লোকজন ছুটে এসে সুমনকে বিভিন্ন জায়গায় খুঁজতে শুরু করেন। একপর্যায়ে উপজেলার পদ্মপুকুর বালকাপাড়া গ্রামের একটি গাছের ডালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। লোকজন তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ফেসবুকে লাইভ করার প্রায় ১ ঘণ্টার পর সুমনের ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী।

এ ঘটনার পর ব্যবসায়ী বুলবুল পলাতক। বুলবুলের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়ায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে পত্নীতলা থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান, সুমনের সুরতহাল রিপোর্টে গলাছাড়া শরীরের অন্য জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নওগাঁ জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বিকালে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর আগে সুমনের ভাইরাল হওয়া ফেসবুক লাইভ ভিডিও আমাদের নজরে এসেছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় মামলা করা হয়নি। তবে বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। এ ঘটনার পর ব্যবসায়ী বুলবুলকে পুলিশ খুঁজছে। তদন্তের স্বার্থে বুলবুলসহ যাকেই সন্দেহভাজন মনে হবে তাকেই আইনের আওতায় আনা হবে।

নওগাঁ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .