Logo
Logo
×
   

সারাদেশ

ট্রেনের ব্রেক ফেল, দুর্ঘটনা থেকে বাঁচলেন শতাধিক যাত্রী

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০১:১৫ এএম

ট্রেনের ব্রেক ফেল, দুর্ঘটনা থেকে বাঁচলেন শতাধিক যাত্রী

যাত্রা বিরতি দেওয়ার আগে ‘ব্রেক ফেল’ করে চিলাহাটি থেকে খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন। এতে প্ল্যাটফর্মে না থেমে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে ট্রেনটি। এতে দুর্ঘটনা থেকে বেঁচে যান শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭.২০ মিনিটে নীলফামারীর ডোমার রেলস্টেশনে এমন ঘটনা ঘটে। ডোমার রেলস্টেশনে গিয়ে জানা যায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেন সন্ধ্যা ৭.০৫ মিনিটে ডোমার পৌঁছানোর নির্ধারিত সময় থাকলেও কিছুক্ষণ বিলম্বে ট্রেনটি ডোমার রেলস্টেশনে পৌঁছায়।

দ্রুতগতিতে থাকা ট্রেনটি প্ল্যাটফর্মে না থেমে সামনে চলে যায়। এক পর্যায়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থামে। পরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার উল্টো পথে প্ল্যাটফর্মে আসে।

চিলাহাটি থেকে ডোমারে ট্রেনে আসা রতন ইসলাম নামে এক যাত্রী জানান, ডোমার বাজার রেলগেট অতিক্রম করার পর প্লাটফর্মে নামার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু প্লাটফর্মের কাছাকাছি এসেও স্বাভাবিক গতি ছিলনা। এতে আমরা কয়েকজন যাত্রী একটু ভয় পাই। পরে মনে হয়েছিল ট্রেনের ড্রাইভার মনে হয় ঘুমিয়ে গেছে। পরে ট্রেনটি আনুমানিক দুই কিলোমিটার দূরে থামার পর ট্রেন থেকে নেমে পড়ি। পরে জানতে পারি ট্রেনটি ব্রেক ফেল করেছে।

আলমগীর হোসেন নামে প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা আরেক যাত্রী জানান, সৈয়দপুর যাওয়ার জন্য দুই শিশু সন্তান ও স্ত্রী নিয়ে দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। স্টেশনে মাইকে বলা হচ্ছিল প্ল্যাটফর্মে এসে ট্রেনটি থামবে। ট্রেন এলো, কিন্তু থামল না। হঠাৎ অনেকে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে যান।

ট্রেনটির চালক আসাদুজ্জামান খান ও গার্ড হুমায়ুন কবির খান জানান, ব্রেক কাজ না করায় স্টেশন ছেড়ে অনেকদূর গিয়ে জরুরী ব্রেক ধরে ট্রেনটি থামানো হয়। ততোক্ষণে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায় ট্রেনটি। এরপর ৭.৫০মিনিটে ডোমার রেলস্টেশন থেকে রওনা করে।

ডোমার রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাবু হোসেন জানান, আমরা মাইকে বরাবরের মতো ঘোষণা দিচ্ছিলাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থামার কথা। কিন্তু ব্রেক ফেল হওয়ায় দুই কিলোমিটার দূরে গিয়ে থামে। এসময় যাত্রীদের সাময়িক বিঘ্ন ঘটে। পরে ট্রেনটি পেছনে এসে যাত্রী তোলে। এরপর যাত্রী নিয়ে ট্রেনটি ৭.৫০ মিনিটে রওনা দেয়। তবে এতে কারো কোনো ক্ষতি হয়নি।

ট্রেন ব্রেক ফেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .