Logo
Logo
×
   

সারাদেশ

যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না: কাদের সিদ্দিকী

Icon

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৫:০৮ পিএম

যারা ক্ষমতা দেখায় তারা প্রকৃত মানুষ না: কাদের সিদ্দিকী

কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বীরউত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘এত ছোট্ট দেশে কিসের এতো দলমত। যাদের দল করা দরকার তারা করুক। আমি আছি মানুষের পেছনে। সেখানে আমার কাছে হিন্দু মুসলমানও নেই, বৌদ্ধ-খ্রিষ্টানও নেই। আমি ছেলেবেলায় লেখাপড়া করতাম না; কিন্তু এখন করি। আমি লেখাপড়া করে দেখেছি, স্রষ্টা একজন। তার সৃষ্টি আমরা সবাই। আল্লাহ এক, ভগবানও এক। আমি সেই আল্লাহর সৃষ্টি কাউকে অবহেলা করতে পারি না।’ 

রোববার রাতে টাঙ্গাইলের বাসাইল উপজেলা কেন্দ্রীয় শ্মশান মন্দিরে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বঙ্গবীর বলেন, ‘আমি এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। আর আমি বাসাইল-সখীপুরের রাজনীতিও করি না। আমার জন্ম এখানে, বড় হয়েছি এখানে। এ অঞ্চলের মানুষের বিপদে-আপদে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমি সবার। এখানে আমার কোনো দলমত কিছুই নেই’। 

কাদের সিদ্দিকী বলেন, ‘যারা তার ক্ষমতা দেখায়, তারা প্রকৃত মানুষ না। প্রকৃত মানুষ হতে আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুধু ভালোবাসার কারণে। আপনারা একে অপরকে ভালোবাসবেন, সবাইকে সম্মান করবেন, অন্যের পাশে দাঁড়াবেন। জন্মের পর মৃত্যু অবধারিত। যত ক্ষমতা, যত ধন-দৌলত; একদিন এর কোনো মূল্য থাকে না। যারা শ্রদ্ধা-ভালোবাসা ও ভক্তি নিয়ে স্রষ্টার নাম নিতে পারে তারাই শুধু সম্মানে সারাজীবন কাটাতে পারে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ প্রমুখ।

টাঙ্গাইল বঙ্গবীর কাদের সিদ্দিকী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .