Logo
Logo
×
   

সারাদেশ

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০৩:৪১ পিএম

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী এবং স্থানীয়রা।  সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।  কর্মসূচির একপর্যায়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। একইসঙ্গে তারা কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাখানেক সময় অবরোধের পর মহাসড়ক ছাড়ে আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার মান শিক্ষাসংক্রান্ত বিষয় দিয়ে বিচার করতে হয়। পরিবেশ আছে কি না, পড়াশোনা হচ্ছে কি না, শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল কী, এগুলো দিয়ে শিক্ষার মান বিচার করতে হয়। এখানে অবকাঠামো মুখ্য বিষয় নয়। শুধু অবকাঠামোর অজুহাতে মানহীন ট্যাগ লাগানো মোটেই সমীচীন নয়। সারা দেশে চিকিৎসাব্যবস্থা এমনিতেই নাজুক। পারলে একটি মেডিকেল কলেজ বা ভালো মানের হাসপাতাল তৈরি করুন। একটি রানিং মেডিকেল কলেজ বন্ধ করে দিতে পারেন না।

বক্তারা আরও বলেন, হবিগঞ্জ জেলায় প্রায় ৩০ লাখ মানুষের বাস। এসব মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার অধিকার কারও নেই। যদি হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয় তবে আমরা রেলপথসহ সকল রাস্তা অবরোধ করব। সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব।

শিক্ষাবিদ অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে ও শামছুল হুদার সঞ্চালনায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জেলা জামায়াতের আমির মাওলানা মুখলেছুর রহমান, চুনারুঘাট উপজেলার সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান প্রমুখ মানববন্ধনে বক্তব্য রাখেন।

হবিগঞ্জ মানববন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .