অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: রাজউক চেয়ারম্যান
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নিয়ম অনুযায়ী ভবন নির্মাণসহ সবাইকে নিয়মের মধ্যে থাকার আহবান জানিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম বলেছেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সারা দেশে নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান থাকবে। বসবাসযোগ্য নগরী গড়তে কোনো প্রভাবশালী বা শক্তিশালী মহলও ছাড় পাবে না। বিশেষ করে নির্মাণাধীন কোনো ভবনে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় রাজউক জোনাল অফিস (জোন-৮) নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিগত সময় ভবন নির্মাণে রাজউকের যেসব কর্মকর্তা অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজউকের কাজ হচ্ছে বাসযোগ্য ও নিরাপদ নগরী গড়ে জনগণকে সেবা দেওয়া। তাই জনগণেরও উচিত রাজউককে সহযোগিতা করা।
ভবনের প্ল্যান পাশ করা সম্পর্কে তিনি বলেন, আমরা কোনো ভবনের প্ল্যান পাশ করতে চাইলেই থার্ড পার্টির কাছে ছুটে যাই। আমি স্পষ্ট করে বলতে চাই, এখন আর থার্ড পার্টির কাছে যাওয়ার সুযোগ নাই। কারণ বর্তমানে অনলাইনের মাধ্যমে রাজউকের প্ল্যান পাশ করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- রাজউকের যুগ্মসচিব ড. আলম মোস্তফা, হারুন-অর-রশীদ, প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, নারায়ণগঞ্জের জোনাল অফিসের অথারাইজ অফিসার এফআর আশিক আহমেদ, জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
