তেলবাহী লরির ধাক্কায় দুই পথচারী নারী নিহত
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ডুমুরিয়ার চুকনগরে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে দুজন নারী পথচারী নিহত হয়েছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে চুকনগর-যশোর সড়কের ডুমুরিয়া থানাধীন আটলিয়া মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী মোছা. মাজেদা খাতুন (৪৮) ও ফজর আলি সরদারের স্ত্রী রোকেয়া বেগম রকি (৬০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পথচারী ওই দুই নারী রাস্তা পারাপারের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। পথিমধ্যে খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী বেপরোয়া গতির তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুইজন পথচারীকে ধাক্কা দিলে চাকার সঙ্গে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের করুণ মৃত্যু হয়।
খর্নিয়ার চুকনগর হাইওয়ে থানার এসআই কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘাতক লরিচালক পালিয়ে গেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
