মিয়ানমারে পাচারকালে ইউরিয়া সারসহ আটক ১০
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ০৭:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচএম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকরা হলেন- চট্টগ্রাম গ্রাম জেলার বাসিন্দা আব্দুল মান্নান (৪০), রিয়াদ হোসেন (২৭), তারেক হোসেন (২৩), মো. ওসমান (৫৬)। কক্সবাজার জেলার বাসিন্দা আব্দুল কাদের (৪৭), তৌহিদুল ইসলাম (৩৫), বাহাদুর (৪৩), মো. নুরবক্স (৫৪)। নোয়াখালী জেলার বাসিন্দা সরোয়ার উদ্দিন (৫২) ও টেকনাফের হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আব্দুল ওয়াহেদ (২৩)।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার কোস্টগার্ড জাহাজ তাজউদ্দীন সেন্টমার্টিনের দক্ষিণে ছেঁড়াদ্বীপ এলাকায় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় ওই এলাকায় বোট থাকা বেআইনি। কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটিকে আটক করা হয় এবং এতে তল্লাশি চালিয়ে কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার করা ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ জনকে আটক করা হয়।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ ইউরিয়া সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং আটকদের ও পাচার কাজে ব্যবহৃত বোটটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
