|
ফলো করুন |
|
|---|---|
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় ইসলামিক ফাউন্ডেশনের দুই শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা
ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ইমাম হাফেজ মঈনুল
ইসলাম ও আব্দুর রশিদ। নিহত আরেকজন হলেন মাহিন্দ্রা চালক। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া
যায়নি।
নিহতরা খুলনার কয়রা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে বকেয়া বেতনের দাবিতে
স্মারকলিপি দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বকেয়া
বেতন নিয়ে কর্তৃপক্ষের কাছে ধরণা দিয়ে আসছিলেন। আজ তারা সেই দাবিতে জেলা প্রশাসকের
কাছে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন। জেলা প্রশাসকের কাছে যাওয়ার উদ্দেশে মাহিন্দ্রায়
উঠেন তারা। তিন চাকার যানটি ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বিপরীত দিক
থেকে আসা একটি তেলবাহী লরি মাহিন্দ্রাটিকে চাপা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় মাহিন্দ্রাটি।
ঘটনাস্থলেই প্রাণ হারান দুই শিক্ষক ও মাহিন্দ্রা চালক। আহত হয় মাহিন্দ্রার থাকা আরও
তিন যাত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
খুলনার কোরনিয়া হাইওয়ে থানার এসআই শিমুল মণ্ডল বলেন, ‘লাশ দুটি উদ্ধার
করা হয়েছে। ঘাতক লরিটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে
লাশগুলো হস্তান্তর করা হয়েছে।’
