যশোরে কৃষক দলের সভাপতিকে হত্যা, পুলিশ হেফাজতে ৩ জন
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৭:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি এসএম তরিকুল ইসলাম (৫০) হত্যার ঘটনায় তিন যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম। বৃহস্পতিবার রাতে তাদের সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রাম থেকে আটক করা হয়।
নিহত তরিকুল ইসলাম উপজেলার ধোপাদি গ্রামের মৃত ইব্রাহিম সরদারের ছেলে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটী গ্রামে ডহর মশিয়াহাটি গ্রামের পিন্টু বিশ্বাসের বাড়ি থেকে কৃষক দল সভাপতি তরিকুল ইসলামের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার বিক্ষুব্ধ জনগণ ও বিএনপির নেতাকর্মীরা রাতেই নওয়াপাড়া শহরে বিক্ষোভ মিছিল বের করেন।
জানা যায়, মৎস্য ঘেরের চুক্তি সংক্রান্ত বিরোধের জেরে তরিকুলকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর রাতে ঘটনাস্থলের আশপাশের এলাকার প্রায় ১৫টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
নিহতের বড়ভাই জাতীয়তাবাদী শ্রমিক দলের নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক এসএম রফিকুজ্জামান টুলু বলেন, বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। মাথায় গুলি করার পর কুপিয়ে তার একটি হাত বিচ্ছিন্ন করা হয়। তারপর মাথায় ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, অস্ত্রধারী ৬ জন মিলে নির্মম ও নৃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলিম বলেন, সন্দেহভাজন তিন যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ডহর মশিয়াহাটী গ্রামে বৃহস্পতিবার রাত থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন ওসি।
