Logo
Logo
×
   

সারাদেশ

২৩ মাস পর ভ্রমণের জন্য উন্মুক্ত রুমা-থানচি

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১২:২৯ এএম

২৩ মাস পর ভ্রমণের জন্য উন্মুক্ত রুমা-থানচি

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ মাস পর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে ভ্রমণ পিপাসুদের জন্য বান্দরবানের রুমা ও থানচি উপজেলা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। শুক্রবার (৬ জুন) থেকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত হচ্ছে।

বৃহস্পতিবার (৫ জুন) নিষেধাজ্ঞা প্রত্যাহারের গণবিজ্ঞপ্তি জারি করেন বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি।

প্রশাসনের তথ্যমতে, থানচি উপজেলায় নৌ-পথে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া সড়কপথে তমাতুঙ্গী পর্যন্ত করতে পারবেন পর্যটকেরা। অপরদিকে রুমা উপজেলায় দেশের পরিচ্ছন্ন গ্রাম মুনলাই পাড়া হয়ে পাহাড়ের চূড়ায় রহস্যময় বগালেক পর্যন্ত ভ্রমণ করতে পারবেন দর্শনার্থীরা। সীমিত পরিসর ব্যতিত অন্যান্য এলাকাগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, বান্দরবান জেলার সীমান্তবর্তী পাহাড়ী এলাকাগুলোতে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানের কারণে নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে ২০২৩ সালের ১৬ মার্চ থেকে রুমা ও থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে অনিদিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন। ২০২৪ সালের ২৩ জুন থানচি উপজেলা ভ্রমণের জন্য খুলে দেওয়া হলেও পরিস্থিতি বিবেচনায় কয়েকদিন পর ফের নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির সভা গতমঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত এবং সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের পত্রের আলোকে সীমিত পরিসরে রুমা ও থানচি উপজেলার ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো। শুক্রবার থেকে পর্যটকরা ঘোষিত স্পটগুলো ভ্রমণ করতে পারবেন।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে পর্যালোচনা করে পরবর্তীতে অন্যান্য দর্শণীয় স্থানগুলোও ভ্রমণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানান জেলা প্রশাসক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .