Logo
Logo
×
   

সারাদেশ

সাত বন্ধু মিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১১ জুন ২০২৫, ০৯:৫২ পিএম

সাত বন্ধু মিলে ঘুরতে গিয়ে প্রাণ গেল যুবকের

টাঙ্গাইলের বাসাইলে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে জাহিদুল ইসলাম নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার পিকনিক স্পট বাসুলিয়ায় (চাপড়া বিল) এ ঘটনা ঘটে।

মৃত জাহিদুল (১৭) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের ভৌয়া গ্রামের জবু মিয়ার ছেলে। জাহিদুল মোটরসাইকেল মেরামতের কাজ করত।

জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা জাহিদুল, ইমন, রাব্বি, সামিউল ও ফরিদসহ ৭ জন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে বাসুলিয়ায় ঘুরতে যায়। পরে দুপুর দেড়টার দিকে তারা বাসুলিয়ায় একটি ইঞ্জিনচালিত নৌকা ভাড়া নিয়ে বিলের মাঝখানে থাকা হিজল গাছের পাশে গিয়ে গোসলে নামে। গোসল শেষে তারা সড়কের দিকে ফেরার পথে জাহিদুল আবারও নৌকা থেকে লাফ দিয়ে পানিতে ডুবে যায়। এ সময় তার সঙ্গে থাকা অপর বন্ধুরা তাকে খুঁজতে পানিতে নামে। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জাহিদুলের সঙ্গে আসা তার বন্ধু ইমন বলেন, আমরা ৭ জন বন্ধু মিলে বাসুলিয়ায় বেড়াতে আসি। পরে ইঞ্জিনচালিত একটি নৌকা ভাড়া করে বিলের মাঝখানে গিয়েছিলাম। গোসল শেষে ফেরার পথে জাহিদুল আবার পানিতে লাফ দিয়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জাহিদুলের পরিবার অসচ্ছল। তার উপার্জনের টাকা দিয়ে সংসার চলত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাহিদ খান সোহাগ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

বাসাইল থানার এসআই ফরিদ আহমেদ বলেন, লাশ পুলিশ হেফাজতে রয়েছে। মৃতের পরিবার এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .