যুবকের রক্তাক্ত লাশ মিলল কলা বাগানে
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০২:৩৬ পিএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের ধনারচর এলাকার একটি কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক
বয়স ৩৩ বছর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৮টার দিকে পাঁচদোনা-চরসিন্ধুর আঞ্চলিক
সড়কের গজারিয়ার ধনারচর এলাকার কলাবাগানে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ।
পুলিশ বলছে, লাশটির শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা
করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে।
পলাশ থানার ওসি মনির হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরিচয়
শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে পিবিআই।’
