Logo
Logo
×
   

সারাদেশ

দেবতাখুম পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, খোঁজ মেলেনি ২ পর্যটকের

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:৪২ পিএম

দেবতাখুম পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, খোঁজ মেলেনি ২ পর্যটকের

পাহাড়ি ঢলে দুজন পর্যটক নিখোঁজের পর বান্দরবানে বৈরী আবহাওয়ায় ঝুঁকি এড়াতে রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন স্পট দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বুধবার রাতে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আগামী ২৫ জুন পর্যন্ত ৮ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

প্রশাসন ও সংশ্লিষ্টরা জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) থেকে জেলার সাতটি উপজেলায় থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে ঝর্ণা দেখতে নাইক্ষ্যংছড়িতে সীমান্তবর্তী ফাত্রাঝিড়িতে পাহাড়ি ঢলে মঙ্গলবার ছড়ার পানিতে ভেসে গেছে কক্সবাজারের পর্যটক হাফেজ মেহরাব হোসাইন (১৮)। এছাড়াও গত ১১ জুন আলীকদম উপজেলার তৈনখালে পানির ঢলে ভেসে যায় পর্যটক হাসান চৌধুরী শুভ (২৭)। তারা দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

ফলে বৈরী আবহাওয়ায় প্রাণহানি এড়াতে রোয়াংছড়ি উপজেলার অন্যতম পর্যটন স্পট দেবতাখুম বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেবতাখুম পর্যটন স্পট ২৫ জুন পর্যন্ত পর্যটকদের ভ্রমণে স্থানীয় প্রশাসন নিরুৎসাহিত করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সময় আরও বাড়ানো হবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হবে।

এদিকে বৃষ্টিতে বুধবারও রুমা, থানচি, লামা-সূয়ালক, রোয়াংছড়ি-রুমা, থানচি-আলীকদমসহ অভ্যন্তরীণ সড়কগুলোর বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়কে কাদা মাটি জমে সড়কগুলো পিচ্ছিল বিপজ্জনক হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা।

কয়েক দিনের অব্যাহত বর্ষণে বান্দরবানে পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

এদিকে বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানিও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে লোকজনদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে। বৃষ্টির সময়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .