Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় ১৭ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০৯:৩৩ পিএম

ভাঙ্গায় ১৭ বছর পর বিএনপির কর্মী সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি মনোনীত ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, আমাদের দেশনেত্রী খালেদা জিয়া বিনা অপরাধে ৮ বছর জেল খেটেছেন। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর ধরে দেশে আসতে পারেন নাই। গত ফ্যাসিবাদী সরকার অনেক গুম, খুন, নির্যাতন করেছে- এর বিচার আমরা করব। 

সোমবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি বলেন, লোভে পড়ে যারা বিএনপিতে যুক্ত হচ্ছেন তারা দূরে থাকেন। বিএনপির সম্মান নষ্ট করবেন না, কোনো নেতাকর্মী যদি কোনো অপরাধমূলক কাজ করেন, তাকে ছাড় দেব না। 

ফরিদপুরে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশে থাকেন। তারা দেশের জন্য অনেক অবদান রাখেন। তারা কিন্তু দেশের অর্থনীতির চালিকা শক্তি। তাদের পরিবার দেশে থাকেন। তারা অনেক জুলুম, অন্যায় অত্যাচারের শিকার হচ্ছেন। 

আমি বিএনপি নেতাদের উদ্দেশে বলতে চাই- কেউ যদি জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দস্যুতা, জুলুম করেন তাদের আমরা ছাড় দেব না। 

শহিদুল ইসলাম খান বাবুল বলেন, আমাদের বিএনপি নেতারা দুর্দিনে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন, মিথ্যা মামলায় জেল খেটেছেন, বাড়িতে ঘুমাতে পারেন নাই, পালিয়ে বেড়াতেন। আমরা তাদের অগ্রাধিকার দিয়ে কাজ করব। বিএনপি দলকে শক্তিশালী করে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী করব। 

গত ফ্যাসিস্ট সরকারের বিচারের কার্যক্রম চলমান একটি প্রক্রিয়া। নির্বাচিত সরকার এসে তাদের বিচারের ধারা অব্যাহত রাখবে। ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের শাসনামলে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। 

ভাঙ্গায় কর্মী সম্মেলনে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ও উদ্বোধক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ইছা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার খাইরুল আনাম প্রমুখ। 

সকাল ১০টা থেকে ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত বিএনপির শত শত নেতাকর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল ও স্লোগানে উৎসবমুখর পরিবেশে ১৭ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে যোগ দেন। বেলা ১১টার মধ্যেই ভাঙ্গা উপজেলা চত্বর ও সম্মেলন কক্ষ লোকে ভরে ওঠে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম