Logo
Logo
×

সারাদেশ

বন্যহাতির আক্রমণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ১০:৫৩ পিএম

বন্যহাতির আক্রমণে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা চার শিশু সন্তানের কোনো ক্ষতি করেনি হাতির দল।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ড ছাইরাখালী এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত ইসমত আরা ওই এলাকার মো. আলমগীরের স্ত্রী। 

স্থানীয় ইউপি সদস্য মহিউদ্দিন যুগান্তরকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে একদল বন্যহাতি শাবকসহ ছাইরাখালী এলাকায় আসে। এ সময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে আক্রমণের চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে একটি হাতি ঘরের চালা ভেঙে ঘরে ঢুকে। পরে এতে থাকা ইসমত আরাকে শুঁড় দিয়ে আছড়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 

এ সময় ইসমত আরার পাশে থাকা চার শিশুর কাউকেই কোনো ক্ষতি করেনি হাতির দল।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মারা যাওয়া নারী রিজার্ভ বনের ভেতর ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করতেন। ওই এলাকাটি হাতির বিচরণ ক্ষেত্র।  

এদিকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, হাতির আক্রমণে নিহত নারীর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে। 

অন্যদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ড উত্তর মেধাকচ্ছপিয়া সওদাগরপাড়ায় বাড়ির উঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান আলী (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাকাধান মাড়াতে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সংযোগ দেওয়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে লেগে যান তিনি।  রমজান আলী ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে। 

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে রমজান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম