Logo
Logo
×
   

সারাদেশ

চেয়ারম্যানকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা, বিক্ষোভ

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৬ জুন ২০২৫, ০২:৪১ পিএম

চেয়ারম্যানকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা, বিক্ষোভ

ছবি: সংগৃহীত

চাঁদার দাবিতে যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালিকে পিটিয়ে হাত পা ভাঙার প্রতিবাদে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে যশোর-চৌগাছা সড়কের ফুলসারা নিমতলা বাজারে বিক্ষোভ শুরু হয়। কয়েক ঘণ্টা চলে এই বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ চলাকালে অভিযুক্ত সন্ত্রাসী লিটনের পা কেটে নিতে পারলে তাকে এক লাখ টাকা পুরস্কার মাইকে ঘোষণা করে বিক্ষুব্ধ জনতা। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

জানা যায়, বিক্ষোভ চলাকালে মাইকে সন্ত্রাসীদের গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান ও বক্তব্য দিতে থাকেন এলাকাবাসী। সমাবেশে ইকবাল হোসেন নামে এক ব্যক্তি জ্বালাময়ী বক্তব্য রাখেন। বক্তব্যের এক পর্যায়ে সন্ত্রাসী লিটনের পা কেটে আনতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় উপস্থিত জনতা করতালি দিয়ে সমর্থন জানান।

বিক্ষোভে অংশ নেওয়া ফুলসারা গ্রামের বাসিন্দা আবদুল লতিফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালি এলাকার মানুষের কাছে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। চাঁদার দাবিতে তাকে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী লিটন, মামুন, টিটো ও তার সহযোগীরা। তাদের শাস্তির দাবিতে দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষে রাস্তায় নেমেছে বিক্ষোভে।

বুধবার দুপুরে চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের মান্দারতলা এলাকায় দুবৃর্ত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালিকে পিটিয়ে হাত পা ভেঙে দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জিয়াউর রহমান ঢালি সদ্য কার্যক্রম স্থগিত হওয়া সংগঠন আওয়ামী লীগের ফুলসারা ইউনিয়ন শাখার সভাপতি।

চেয়ারম্যানের স্বজনের অভিযোগ, ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। রাজনীতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে থাকা অবস্থায় গত ২৮ এপ্রিল গ্রেফতার হন। এরপর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান ঢালি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর ঢালি জানান, চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে একটি পক্ষ আমাকে মেনে নিতে পারেন না। আমাকে হত্যার চেষ্টা শুরু করে। স্থানীয় সন্ত্রাসী লিটন আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সেই টাকা না দেওয়াতে আমার উপর হামলা চালিয়েছে। মারধরের এক পর্যায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার চেষ্টা করছিলো, কিন্তু স্থানীয় লোকজন চলে আসাতে তারা পালিয়ে যায়।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। তদন্ত চলছে, এখনো কেউ অভিযোগ দেয়নি। জড়িতদের আটকে অভিযান অব্যহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .