Logo
Logo
×

সারাদেশ

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহাসড়ক রণক্ষেত্র, আহত ১০

Icon

গাজীপুর ও শিল্পাঞ্চল প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:২২ পিএম

ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মহাসড়ক রণক্ষেত্র, আহত ১০

টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ রণক্ষেত্র। ছবি: যুগান্তর

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়েছে। ধাওয়া পালটা ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে উভয়পক্ষের ও পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় আতঙ্কে সাময়িক সময়ের জন্য মহাসড়ক বন্ধ হয়ে যায়।

শনিবার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত স্থানীয় গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্র জানায়, টঙ্গীর গাজীপুরা এলাকায় ঝুট ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্যাটার্ন গার্মেন্টসের সামনে রাস্তায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।  

জানা গেছে, গাজীপুরা স্যাটার্ন গার্মেন্টস লিমিটেডের ঝুট ব্যবসার দ্বন্দ্বে পূর্ব বিরোধের জেরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ ও টঙ্গীর ৫০ নাম্বার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই পক্ষের ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষ ও পথচারীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে দুপুর ২টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।  

এর আগে ২৩ মে একই প্রতিষ্ঠানের ঝুট নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ দুইজনকে গ্রেফতার করে। 

এ বিষয়ে বিএনপি নেতা কাজী হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, আমার প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্র আছে। এখন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আরেক গ্রুপ ব্যবসা নিতে এ হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। 

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান যুগান্তরকে বলেন, পূর্ব বিরোধের জেরে কাজী হুমায়ুনের গ্রুপ ও আরেক গ্রুপের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হতাহত হয়েছে কিনা তা এখনো জানা যায়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম