কাস্টমসের শাটডাউন কর্মসূচি, হিলি স্থলবন্দরে কার্যক্রম ব্যাহত
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ০৬:৪৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা।
কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৮ জুন) সকাল থেকে তারা এ কর্মসূচি পালন শুরু করেন।
কাস্টমস কার্যালয় খোলা থাকলেও তারা কোনো কার্যক্রম করছেন না। কর্মকর্তারা কেউ কেউ কাস্টমস অফিসে আসলেও তারা কাজ থেকে বিরত রয়েছেন।
এদিকে তাদের এ কর্মসূচির কারণে সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকে এবং দুপুর সাড়ে ১২টা থেকে আবার তা শুরু হয়। তবে আমদানি শুরু হলেও কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানি করা পণ্যের বিল অব এন্ট্রি সাবমিট থেকে শুরু করে পরীক্ষণ শুল্কায়ন কার্যক্রম করতে পারছে না ব্যবসায়ীরা।
হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীরা। এতে বন্দর থেকে আমদানি করা পণ্য খালাস করতে না পারায় বিপাকে পড়েছেন তারা। অবিলম্বে তারা যেন কর্মসূচি প্রত্যাহার করে নেন সরকারের প্রতি সেই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
