Logo
Logo
×
   

সারাদেশ

‘ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে’

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

‘ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে’

বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে দিনের ভোট রাতে করার কালচার চালু হয়েছে। ত্রয়োদশ সংশোধনী রায়ের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে অবিচারের বীজ রোপণ করা হয়েছে, বাংলাদেশে খুনের রাজনীতি চালু হয়েছে; এই রায় এসেছিল বলে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব- মানুষের এই অধিকারটাকে চিরতরে নির্বাসনে পাঠানোর একটা অপচেষ্টা করা হয়েছিল।

সোমবার (৩০ জুন) বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, যে বাংলাদেশকে বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যে বাংলাদেশে বেগম খালেদা জিয়া নারীর অধিকার, শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিলেন। এরপর ধীরে ধীরে বাংলাদেশ গণতন্ত্রের পথে হেঁটেছিল। যে বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে স্থায়ী রূপ দেওয়ার জন্য স্বপ্ন বুনেছিলেন। সেই স্বপ্ন বাংলাদেশের জুডিশিয়ারি করাপশনের মাধ্যমে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমরা বিপ্লবের সফলতা ভোগ করে ক্ষমতার মসনদে বসে আছি তাদের দিকে হয়তো তাকিয়ে, সন্তান হারা মা, পা হারা পঙ্গু ব্যক্তি, চোখ হারানো মানুষ আমাদের দিকে তাকিয়ে বলবে- তোমার ভুবনে ফুলের নালা, আমি কাঁদি সাতরাই; এই যে বেদনা, এই যে আর্তি- এই আর্তির কারণ আমরা এখন পর্যন্ত বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, বিপ্লবের যে পরিণতি সেই যৌক্তিক পরিণতির কাছে বাংলাদেশের মানুষকে নিয়ে যেতে পারিনি।

সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির নির্বাহী সদস্য (বিশেষ পিপি) অ্যাডভোকেট বকসী জুবায়ের আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ মো. খাদেম উল কায়েস, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এনায়েত কবির সরকার, পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শান্তি পদ ঘোষসহ সিনিয়র আইনজীবীরা।

বক্তব্যের শুরুতে ৩৬ জুলাই আন্দোলনকে শ্রদ্ধাভরে স্মরণ করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাত পোহালে ৩৬ জুলাই। এক বছর আগে আমাদের মাঝ থেকে ২ হাজার তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে জুলাই মাসটা আমাদের উপহার দিয়েছিল। রাত পোহালেই মনে হবে জুলাইয়ের ৩৬ দিন, যাকে আমরা ভালোবেসে ৩৬ শে জুলাই নাম দিয়েছি। সেই ৩৬ দিনে আমাদের মাঝ থেকে প্রায় ৩০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন।

এর আগে দুপুর ২টার দিকে শহরের আদালত সড়কের পাশে জেলা আইনজীবী সমিতির ২নং বার হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে অংশ নেন বিশেষ মোনাজাতে। এরপর জেলা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .