সাত দিনের রিমান্ডে পেকুয়া থানায় সাবেক এমপি জাফর
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমের বিরুদ্ধে আরও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে পেকুয়া থানায় নেওয়া হয়েছে।
বুধবার (২ জুলাই) সকালে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জানা গেছে, চকরিয়া থানায় দায়ের করা ৫টি মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে বুধবার সকালে তাকে আদালতে হাজির করা হয়। এরপর পেকুয়া থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পেকুয়া থানার আরও দুটি মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ফলে পেকুয়া থানার তিন মামলায় মোট সাত দিনের রিমান্ডে আছেন তিনি।
চকরিয়া আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরওয়ার জানান, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী শফিকিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ব্যালটে সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখার অভিযোগ এনে মামলাটি করা হয়।
ওই মামলার তদন্ত কর্মকর্তা বুধবার আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, সাবেক এমপি জাফর আলমকে তিন মামলায় সাত দিনের রিমান্ডে পেকুয়া থানায় নেওয়া হয়েছে। তার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
