Logo
Logo
×
   

সারাদেশ

২০ বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম

২০ বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

ছবি : যুগান্তর

বেনাপোল বন্দর থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ বেচারাম প্রামাণিক (৪৩) নামে একজন ভারতীয় ট্রাক চালককে আটক করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়।

জব্দকৃত পাসপোর্টগুলোতে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, সাইবেরিয়ান ভিসা লাগানো পাসপোর্টগুলো ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনছিল ট্রাক চালক বেচারাম প্রামাণিক। সবগুলো পাসপোর্টে গত ২৪ জুন তারিখে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে প্রবেশের জন্য তারা এ ভিসা লাগিয়েছিল।

বেনাপোল বন্দরের নিরাপত্তা সংস্থা আনসার কমান্ডার হেলালউজ্জামান জানান, ভারত থেকে অবৈধভাবে ভারতীয় এক ট্রাক চালকের মাধ্যমে বাংলাদেশি বেশকিছু পাসপোর্ট পাঠানো হচ্ছে এমন খবরে বন্দরের ভেহিকেল টার্মিনাল গেটের নিরাপত্তা জোরদার করা হয়। রাতে ওই ট্রাক চালক পেট্রাপোল বন্দরের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশ করে বন্দর ভেহিকেল টার্মিনাল গেটে আসে। এ সময় সন্দেহ হলে তার কাছে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। ওই ব্যাগ থেকে ২০টি বাংলাদেশি পাসপোর্ট পাওয়া যায়।

আটক ট্রাক চালককে পাসপোর্টসহ থানা পুলিশে সোপর্দ করার কার্যক্রম চলমান বলে জানান হেলালউজ্জামান।

জব্দকৃত পাসপোর্টগুলো হলো- চাঁদপুরের মনোহরগাজীর ছেলে মোজাম্মেল হোসেন, নোয়াখালীর রফিউল্লার ছেলে ইমরান হোসেন, কিশোরগঞ্জের রিপন মিয়ার ছেলে অপূর্ব মিয়া, ঢাকার আব্দুল মাজিদের ছেলে ফয়সাল আহম্মেদ, ব্রাহ্মণবাড়িয়ার হাজি আব্দুল মান্নানের ছেলে ইসহাক, সাতক্ষীরার খলিল গাজীর ছেলে হুমায়ন কবির, ঢাকার দানেশ আলীর ছেলে নাজমুল ইসলাম, গাজীপুরের আব্দুর রশিদের ছেলে আবুল হোসেন, মানিকগঞ্জের আবুল কাশেমের ছেলে শরিফুল ইসলাম, নোয়াখালীর আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের, আলাউদ্দীনের ছেলে আব্দুল আজিজ, সাহেব উদ্দীনের ছেলে আব্দুর রহিম, অমল চন্দ্র দাসের ছেলে রুপম চন্দ্র দাস, সাতক্ষীরার রেজাউল ইসলামের ছেলে তানভির হাসান, নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, নূর হোসেনের ছেলে পলাশ হোসেন, নুর মোহাম্মদ শেখের ছেলে জাকারিয়া, ইউনুছের ছেলে আবু সাঈদ, ফেনীর মোরশেদ আলমের ছেলে আব্দুল করিম এবং নরসিংদীর বাতেন মিয়ার ছেলে ফাইম মিয়া।

এদিকে, পাসপোর্ট জব্দের ঘটনা জানতে রাতে বন্দরে ভিড় জমায় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। এসব পাসপোর্টধারীরা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অন্য কোনো অপরাধী চক্র কিনা, তা তদন্ত করছে পুলিশ।

বেনাপোল স্থলবন্দর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম