Logo
Logo
×
   

সারাদেশ

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

Icon

টঙ্গী শিল্পাঞ্চল ও পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১১:৩৪ এএম

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাহফুজুর রহমান (২১) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহগামী মহাসড়কের আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মাহফুজুর রহমান বরিশাল সদর উপজেলার হায়াতসার গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পূর্ব থানাধীন ব্লু ফ্যাশনে পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুল্লাহপুর ফ্লাইওভার থেকে সেনা কল্যাণ ভবনগামী নামার সংযোগ রাস্তার মাঝামাঝি সড়ক ও জনপদ অফিসের সামনে পৌঁছা মাত্র অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা মাহফুজুর রহমানকে আকস্মিকভাবে হামলা করে। এ সময় তার ডান পায়ের উরুর পেছনে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করে দুষ্কৃতকারীরা।

ঘটনার সময় ডিএমপির ডিউটিরত পুলিশ সদস্যরা তাকে আহত অবস্থায় সিএনজিতে তুলে দিলে সিএনজি ড্রাইভার তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন। 

চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে মাহফুজুর রহমানের মৃত্যু হয়। 

টঙ্গী পশ্চিম থানার (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোসহ যাবতীয় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে। তবে নিহতের কাছে থাকা ব্যাগটি পাওয়া যাওয়ায় ঘটনাটি ছিনতাই নাকি অজ্ঞাত কোনো কারণে তিনি নিহত হয়েছেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে টঙ্গীর বিআরটি ফ্লাইওভারে প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শুধু রাতের বেলায় নয়, দিনে দুপুরেও ফ্লাইওভারটিতে ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। পুরোপুরি কাজ শেষ না করেই খুলে দেওয়া অরক্ষিত ফ্লাইওভারটির অধিকাংশ স্থানে নেই সড়কবাতি, সিসিটিভি ক্যামেরা কিংবা পুলিশ বক্স। ফলে পথচারী কিংবা বাস যাত্রীরা ফ্লাইওভারে প্রতিনিয়ত ছিনতাইয়ের শিকার হচ্ছেন। ইতোপূর্বে ফ্লাইওভারটিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে একাধিক ব্যক্তি নিহত ও আহতের ঘটনা ঘটেছে।

গাজীপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম