Logo
Logo
×
   

সারাদেশ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে কালনাগিনীকে

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:২৯ পিএম

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে কালনাগিনীকে

কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি কালনাগিনী সাপের চিকিৎসায় এক্সরে করেছে ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’। এটি পটুয়াখালী জেলার প্রথমবার সাপের এক্সরে করার ঘটনা বলে জানিয়েছেন সংগঠনটি।

বুধবার রাত ১০টায় কলাপাড়া পৌরশহরের একটি বেসরকারি ক্লিনিকে এনে সাপটির এক্সরে করা হয়। চিকিৎসার জন্য সাপটি নেওয়া হচ্ছে ঢাকায়।

এক্সরেতে দেখা যায়, সাপটির দেহের মাঝামাঝি হাড়ে ফাটল রয়েছে। এর আগে বুধবার সকালে পার্শ্ববর্তী জেলা বরগুনার আমতলীর পূজাখোলা এলাকায় সাপটিকে লাঠিপেটা করেন স্থানীয়রা। খবর পেয়ে অ্যানিমেল লাভারস সদস্যরা সাপটি উদ্ধার করেন। 

বুজ, লাল ও কালো ডোরাকাটা প্রাপ্তবয়স্ক এ সাপটির দৈর্ঘ্য প্রায় ৩ ফুট। এটি মৃদু বিষধর কালনাগিনী প্রজাতির সাপ বলেও জানিয়েছে সংগঠনটি।

টিম লিডার বায়জিদ আহসান সাপ উদ্ধার এবং এক্সরে করা প্রসঙ্গে আরও জানান, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিকের সহায়তায় এই এক্সরে করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার ঢাকায় নেওয়া হচ্ছে। প্রথমবারের মতো এমন উদ্যোগে কলাপাড়া-কুয়াকাটার প্রাণীবান্ধব সচেতন মহলে প্রশংসার জোয়ার বইছে।

পটুয়াখালী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম