Logo
Logo
×
   

সারাদেশ

‎শ্রমিকরা খনিতে ফিরেছেন, মধ্যপাড়ায় ফের পাথর তোলা শুরু

Icon

‎পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম

‎শ্রমিকরা খনিতে ফিরেছেন, মধ্যপাড়ায় ফের পাথর তোলা শুরু

ফাইল ছবি

‎দেশের একমাত্র পাথর খনি দিনজপুরের পার্বতীপুর মধ্যপাড়ায় টানা নয় দিন পাথর উত্তোলন বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে আবারও পাথর তোলা শুরু হয়েছে। বুধবার শ্রমিকরা খনিতে ফিরেছেন। 

চারজন শ্রমিকের অযৌক্তিক দাবি এবং কোম্পানি আইনবহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জুন মাসের শেষার্ধে ঠিকাদারি প্রতিষ্ঠান জেটিসি তাদের দুই মাসের বেতন হাতে ধরিয়ে অব্যাহতি দেয়। 

এরই প্রতিবাদে ২ জুলাই থেকে কিছু শ্রমিক খনি গেটে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন এবং অন্য শ্রমিকদের খনিতে প্রবেশে বাধা দেন। ফলে স্থবির হয়ে পড়ে খনির পাথর উত্তোলন কার্যক্রম। 

একপর্যায় খনি সংরক্ষণ ও বিদেশি বিশেষজ্ঞদের নিরাপত্তা বিঘ্নের আশঙ্কায় ঠিকাদারি প্রতিষ্ঠান জেটিসি অনির্দিষ্টকালের জন্য ভূ-অভ্যন্তর থেকে পাথর তোলা বন্ধ করে দেয়। 

দুইপক্ষই অনড় অবস্থান নিলে শেষ পর্যন্ত কতিপয় স্থানীয় শ্রমিক প্রতিনিধি জেটিসি কর্তৃপক্ষ এমজিসিএল প্রতিনিধি পুলিশ ও সেনা প্রতিনিধিরা বুধবার দুপুরে এক সমঝোতা বৈঠক করে ফলপ্রসূ আলোচনায় শ্রমিকরা কাজে যোগ দেন। 

খনি থেকে প্রতিদিন তিন সিফটে সাড়ে পাঁচ হাজার টন পাথর তোলা হয়। এতে প্রতিদিন সরকার রাজস্ব পায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। খনি সার্ফেস ভাগে বর্তমান উত্তোলিত পাথরের মজুত রয়েছে প্রায় সাড়ে ১২ লাখ টন প্রসেসিং অবিক্রীত পাথর।

‎খনি সার্ফেস ভাগের ইয়ার্ডে পাথর সংরক্ষণ ও ধারণক্ষমতা প্রায় ১৪ লাখ টন। জেটিসি প্রতিনিধি ও খনির এমডি জোবায়েদ হোসেনের সঙ্গে কথা হলে জানান, শান্তিপূর্ণ সমঝোতায় খনির উত্তোলন কাজ শুরু করা হয়েছে।

দিনাজপুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম