ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১২:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরার পাতানো কারেন্ট জাল তুলতে গিয়ে নুরুল আলম (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলম দৌলতপুর এলাকার মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নিজ বাড়ির পাশে বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন বলেন, নুরুল আলম গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত।কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন।দিনভর নিখোঁজ থাকার পর সন্ধ্যায় স্বজনরা বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করেছে। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, রাতে এ ঘটনা অবগত হয়েছি। এমন মৃত্যু কখনই কাম্য নয়।
