বিল আটকে রাখার অভিযোগে অফিস ঘেরাও, পালালেন পিআইও
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:৪৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বান্দরবানের আলীকদমে ঘুসের টাকা নির্ধারণ না হওয়ায় প্রকল্পের বিল আটকে রাখার অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কেএম নজরুল ইসলামের বিরুদ্ধে।
দীর্ঘদিন বিল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস ঘেরাও করেন চার ইউনিয়নের চেয়ারম্যান ও (ইউপি) সদস্যরা। তবে এর আগেই পিআইও নজরুল ইসলাম অফিস ছেড়ে বান্দরবান সদর চলে যান বলে অভিযোগ করেছেন জনপ্রতিনিধিরা।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের বিল কমিশন না দেওয়ায় দীর্ঘদিন ধরে আটকে রেখেছেন পিআইও।
ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা জানান, প্রকল্প পরিদর্শনে পিআইও নিজে গেলেও বিল পরিশোধের সময় ঘুসের দাবিতে বিল আটক করে রেখেছেন তিনি।
সদর ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, চূড়ান্ত বিল প্রদানের জন্য একাধিকবার বলেছি; কিন্তু তিনি আশ্বাস দিয়েও টাকা ছাড়ছেন না। কমিশন ছাড়া কোনো বিল ছাড়েন না। আজ আমরা সবাই অফিসে আসব শুনে তিনি পালিয়ে বান্দরবান চলে গেছেন।
ইউপি সদস্য রেহেনা বেগম ও মনু ইসলাম বলেন, প্রতিটি প্রকল্প নিজে তদারকি করেছেন পিআইও। অথচ বিলের সময় গড়িমসি করছেন। ছোট ছোট প্রকল্পেও যদি অর্ধেক টাকা তাকে দিতে হয়, তাহলে আমাদের কাজ করে চলাটা অসম্ভব।
এছাড়া প্রকল্পের টাকা ইউপি চেয়ারম্যান ও সদস্যদের না দিয়ে উত্তোলন করে নিজের ব্যক্তিগত হিসাবে রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে একাধিকবার পিআইও নজরুল ইসলামের মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাকে দ্রুত সমস্যার সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
