Logo
Logo
×

সারাদেশ

দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই

Icon

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম

দিনদুপুরে ব্যবসায়ী ও মেয়ের গলায় দা ধরে ছিনতাই

মৌলভীবাজারের বড়লেখায় দিনদুপুরে এক ব্যবসায়ী ও তার মেয়ের গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলিয়া গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বুধবার দুপুরে ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু, তার মেয়ে সুহাদা বেগম ও ছেলে সিয়াম আহমদকে সঙ্গে নিয়ে বড়লেখা পৌরশহরের পূবালী ব্যাংক থেকে ২ লাখ টাকা তোলেন। এ টাকা নিয়ে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে তিনজন তাদের পিছু নেয়। 

শিমুলিয়া গ্রামের রাস্তায় আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এ সময় তারা খসরু ও তার মেয়ে সুহাদার গলায় ধারালো দা ধরে মেয়ের ভ্যানিটি ব্যাগে থাকা ২ লাখ টাকা, স্বর্ণের একটি চেইন, একটি আংটি ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।

ব্যবসায়ী আব্দুল আহাদ খসরু জানান, ছেলে ও মেয়েকে নিয়ে পূবালী ব্যাংক বড়লেখা শাখা থেকে ২ লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। শিমুলিয়া গ্রামের আতাউর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছলে দুটি মোটরসাইকেলে তিন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের মোটরসাইকেল থামায়। পরে গলায় দা ধরে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন, একটি আংটি ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম