না.গঞ্জে চাঁদার দাবিতে হত্যা, দুই ভাইকে যাবজ্জীবন
ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে। নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআই খোলা বউবাজার এলাকায় তার ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন। কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদি আরব প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তারই অংশ হিসেবে শুক্কুর ও তার ভাই পাপ্পু ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
