চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যা: দুই ভাইয়ের যাবজ্জীবন
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার আসামিরা পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয়ই সিদ্ধিরগঞ্জের মিজিমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।
নিহত সিরাজুল ইসলাম সিদ্ধিরগঞ্জের সিআইখোলা বউবাজার এলাকায় তার ভায়রা আব্দুল মালেকের বাড়িতে ভাড়া থাকতেন।
আদালতের পুলিশ পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার নথিপত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকির কাজ করতেন সিরাজুল ইসলাম। বাতানপাড়ার শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। এর অংশ হিসেবে শুক্কুর ও তার ভাই পাপ্পু ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুল ইসলামের কাছে চাঁদা দাবি করেন। ওই দিন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুল ইসলামকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
