Logo
Logo
×
   

সারাদেশ

অপহরণ করে ধর্ষণ: যুবকের ১৪ বছরের কারাদণ্ড

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম

অপহরণ করে ধর্ষণ: যুবকের ১৪ বছরের কারাদণ্ড

চাঁদপুরে কলেজ শিক্ষার্থীকে অপরহণ করে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বিশ্বনাথ চন্দ্র দাস নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

ভুক্তভোগী ওই কলেজ শিক্ষার্থীর বাড়ি জেলার কচুয়া উপজেলায়। তিনি মতলব দক্ষিণ উপজেলার একটি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত বিশ্বনাথ চন্দ্র দাস (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার দড়িয়া দৌলত মুল্লক গ্রামের মতিলাল চন্দ্র দাসের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, আসামি তার কয়েকজন সহযোগীকে নিয়ে ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর চলার পথ থেকে অপহরণ করে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে মতলব দক্ষিণ থানায় ২৮ সেপ্টেম্বর নিখোঁজ ডায়েরি করেন। এরপর ৯ অক্টোবর অপহৃত শিক্ষার্থী তার চাচার কাছে ফোন করে জানান- বিশ্বনাথ তার সহযোগীদের নিয়ে বাড়িতে ফেরার পথ থেকে মুখে চাপা দিয়ে অপহরণ করে তার বাড়িতে নিয়ে আটকে রেখেছে।

এ ঘটনায় ওই কলেজ শিক্ষার্থীর চাচা মতলব দক্ষিণ থানায় ৯ অক্টোবর মামলা করেন।

সরকারপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) শিরিন সুলতানা মুক্তা বলেন, প্রায় ১২ বছর মামলাটি চলমান অবস্থায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

সরকারপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ছিলেন আবদুল কাদের খান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. কামাল হোসেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম