মেঘালয়ে শেরপুরের আকরামকে পিটিয়ে হত্যা, লাশ ফেরত আনার চেষ্টা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনা ঘটে। তার লাশ ফিরিয়ে আনতে চেষ্টা চলছে বলে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম আকরাম (৩৫)। তিনি শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের প্রয়াত জহির উদ্দিন পাগলার ছেলে।
সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে পাওয়া নিহত আকরামের স্বজনরা জানান, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে ধরে ফেলে এবং নির্মমভাবে মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া জানান, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন লাশ দেশে ফেরানোর জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।
নিহতের বড়ভাই পান ব্যবসায়ী শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আকরামের মৃত্যুর খবর পাই। তবে কীভাবে সে ভারতে গেল, কিছুই জানি না। লাশ ফেরত আনার জন্য জন্য আমরা বিজিবির সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ জানান, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
