Logo
Logo
×

সারাদেশ

বাঁশখালীতে মামলার বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০১:৫৩ এএম

বাঁশখালীতে মামলার বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতীকী ছবি

চট্টগ্রামে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকায় মোজাহের আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।  নিহতের পরিবারের অভিযোগ, মামলা করায় তাকে পিটিয়ে হত্যা করেছে আসামিদের স্বজনেরা। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের গোলাপ জানিবর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

নিহত মোজাহের আলী ওই ওয়ার্ডের শেয়ার আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে মোজাহেরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর জেরে ভুক্তভোগী মোজাহের বাদী হয়ে স্থানীয় আব্দুর রহমান, সাইমন, রাকিব, দেলোয়ারসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করেন।  ওই মামলার তিন আসামি জেল হাজতে রয়েছে। 

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এ মামলার শুনানির দিন ছিল।  শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে আদালত। এর প্রেক্ষিতে আসামি পক্ষের লোকজন মোজাহেরের ওপর ক্ষিপ্ত ছিল। 

নিহতের মামা আবদুর রহমান বলেন, আদালত থেকে কাজ শেষ করে বাড়ি ফিরছিল মোজাহের। তিনি পূর্ব বড়ঘোনা ৭ নম্বর ওয়ার্ডের ফারজানার কবরের উত্তর পাশে পৌঁছালে আসামি পক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পূর্ব শত্রু তার জেরে পিটিয়ে একজনের হত্যার খবর আমরা পেয়েছি।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম