যাত্রী হয়রানি, শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রেলস্টেশনে যাত্রীকে হয়রানি করার অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জসহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দ্রুতবিচার আইনে মামলাটি দায়ের করেন শহরতলীর বড় বহুলা গ্রামের বাসিন্দা মশিউর রহমান জুয়েল। তিনি হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সার্ভার হিসেবে কর্মরত আছেন।
দ্রুতবিচার আদালতের বিচারক মো. কামরুল হাসান মামলাটি আমলে নিয়ে এফআইআর করতে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলার আসামিরা হলেন- শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস, টিএসআই শাহজালাল, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম ও রেল কলোনি এলাকার পলাশ মিয়া।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর গণ্যে রুজু করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে রেলওয়ের যাত্রীদের হয়রানি বন্ধ হবে বলে আমি মনে করি। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন সবার জন্য সমান।
মামলার বিবরণে জানা যায়, মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গত ১৯ আগস্ট রাতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে যান। ওই রাত ১টার দিকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে আসার কথা থাকলেও বিলম্ব হয়। এ সময় মশিউর রহমান জুয়েল রেলওয়ে স্টেশনের ২ নাম্বার প্লাটফর্মে পায়চারী করছিলেন। তখন কয়েকজন লোক তাকে হেনস্তা করে। তার কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তিনি চিৎকার শুরু করলে তাকে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে পুলিশ সদস্যরা মারপিট করেন। একপর্যায়ে তাকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন।
