পীরগঞ্জে দেড় হাজার মানুষের করোনার ২য় ডোজ অনিশ্চিত!
Advertisement
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পীরগঞ্জে প্রায় দেড় হাজার মানুষের করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। গত ৭ আগস্ট অনলাইনে নিবন্ধন ছাড়াই জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) দিয়ে করোনার গণটিকা দেওয়ায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট অনলাইনে নিবন্ধন ছাড়াই দেশে শুধু আইডি কার্ড নিয়ে করোনাভাইরাসের প্রথম ডোজ দেয়া হয়। পীরগঞ্জের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য মোট ১৫টি টিকাদান কেন্দ্রে ৭ আগস্ট গণটিকা দেয়া হয়। ওই সময় পীরগঞ্জে ৭ হাজার ৫৭৪ জনকে করোনার প্রথম ডোজ টিকা দেয়া হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ গণটিকা গ্রহীতাদের অনলাইন কার্যক্রম শুরু করেন।
এর মধ্যে উপজেলার ১ হাজার ৪৯২ জনের আইডি কার্ড ভুয়া হওয়ায় তা অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা যাচ্ছে না। ফলে তারা দ্বিতীয় ডোজও নিতে পারবেন না।
উপজেলার মদনখালী ইউনিয়ন পরিষদের টিকাদান কেন্দ্রের ইনচার্জ সহকারী স্বাস্থ্য পরিদর্শক শামসুল আলম রাহেল বলেন, মদনখালী ইউনিয়নের ৭৯ জনের আইডি কার্ড অনলাইনে নিবন্ধন করা না যাওয়ায় তারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বুলেট বলেন, আইডি কার্ড দিয়ে গণটিকা নেওয়ায় প্রায় দেড় হাজার মানুষকে আপাতত করোনার দ্বিতীয় ডোজ দেওয়া সম্ভব হবে না। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
মদনখালী ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম বলেন, নিবন্ধন ছাড়াই গণটিকা দেওয়ায় মানুষ হয়রানির মধ্যে পড়েছেন।
