‘প্রশ্নটা তামিম ইকবালকে আপনারা করেন’
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বছরের শুরু থেকেই বাংলাদেশের ক্রিকেটে বিরাট অস্থিরতা দেখা দিয়েছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এবং মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজদের খেলা সাময়িকভাবে স্থগিতের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার স্থগিতের সূত্রপাত ঘটে বিসিবির পরিচালক এম. নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যের কারণে। বিসিবির দোয়া মাহফিল শেষে তিনি বলেছিলেন, বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে তাতে বোর্ডের কোনো ক্ষতি হবে না এবং ক্রিকেটারদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া যাবে। এই মন্তব্য ক্রিকেটাররা মেনে নিতে পারেননি। এর পরই কোয়াব সভাপতি মিঠুন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বন্ধ রাখা হবে।
মিঠুনের ডাকে সাড়া দিয়ে লিটন দাস, নাজমুল হোসেন শান্তসহ অন্য ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামে না গিয়ে বনানীর শেরাটন হোটেলে সংবাদ সম্মেলন করেন। একই সঙ্গে বিপিএল ইস্যুতে তামিম ইকবালের নামও উঠে আসে।
এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্রিকেটারদের সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় কেন এই প্রশ্নটা তামিম ইকবালকে আপনারা করেন না। এই জিনিসটা তামিম ইকবালের সঙ্গে স্পষ্ট করে নিয়েন। তামিম ইকবালের শুধু রোল ছিল যখন আমরা নতুন করে কোয়াব গঠন করি।’
মিঠুন বলেন, কোয়াব গঠনের সময় তামিম ইকবালের অবদান ছিল এবং কোয়াবের সিদ্ধান্তে কোনো তৃতীয় পক্ষের প্রভাব নেই, শুধুই ক্রিকেটারদের স্বার্থই বিবেচনা করা হয়।
বিসিবি ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং তাকে অর্থ কমিটির প্রধানসহ অন্যান্য দায়িত্ব থেকে সরানো হয়েছে। তবে তিনি এখনও বোর্ডের পরিচালক পদে আছেন।
প্রসঙ্গত, ক্রিকেটারদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। পরে অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিবি। ক্রিকেটাররা এক পর্যায়ে নাজমুলের ক্ষমতা চাওয়া এবং তাকে অপসারণের প্রক্রিয়া চালু রাখার শর্তে মাঠে ফেরার ঘোষণা দিলে আজ শুক্রবার থেকে ফের বিপিএল শুরুর ঘোষণা আসে। ক্রিকেটারদের যারা ‘দালাল’ বলে ট্যাগ দিচ্ছেন, তাদের দাবি তামিম ইকবালের উসকানিতেই এই ধর্মঘট।

-6969fb47715cc.jpg)