Logo
Logo
×
   

Advertisement

ডাক্তার আছেন

তরুণদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপের হার, নিয়ন্ত্রণে যা জানা জরুরি

Advertisement

Icon

বাসস

প্রকাশ: ২১ মে ২০২৬, ১০:৩০ এএম

তরুণদের মধ্যে বাড়ছে উচ্চ রক্তচাপের হার, নিয়ন্ত্রণে যা জানা জরুরি

ফাইল ছবি

Advertisement

অস্বাস্থ্যকর জীবনযাপন, ফাস্টফুড নির্ভর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ ও জীবনাচরণের কারণে বাংলাদেশের তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত মানসিক চাপ, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম কমে যাওয়া, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত লবণযুক্ত খাবার ও প্রযুক্তিনির্ভর জীবনযাপন উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের ঝুঁকি বাড়াচ্ছে। 

তবে সচেতনতা, নিয়মিত পরীক্ষা, ফলোআপ, ওষুধ সেবন ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১৮ বছরের বেশি বয়সি প্রায় ২০ শতাংশ মানুষ হাইপারটেনশনে ভুগছে। 

ডব্লিউএইচও’র ২০২৫-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মৃত্যুবরণ করেছেন, যার ৫২ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ। 

‘বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে ২০১৭-১৮’ অনুযায়ী, ৩৫ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে উচ্চ রক্তচাপের পরিমাণ প্রায় ৪০ শতাংশ, যা ২০১১ সালে ছিলো ২৬ শতাংশ। 

পুরুষের মধ্যে ২০ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে এবং নারীর ক্ষেত্রে এ হার ৩২ শতাংশ থেকে বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে। 

উচ্চ রক্তচাপে আক্রান্ত অর্ধেক নারী (৫১ শতাংশ) ও দুই-তৃতীয়াংশ পুরুষই (৬৭ শতাংশ) জানে না যে তাদের উচ্চ রক্তচাপ রয়েছে। 

এমনকি বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ।

দেশে বছরে ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগজনিত অসুস্থতায় মারা যায়, যার অন্যতম প্রধান কারণ উচ্চ রক্তচাপ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী বাংলাদেশে শীর্ষ ১০টি রোগের তালিকায় এক নম্বরে রয়েছে উচ্চ রক্তচাপ।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে প্রতি পাঁচ জনের একজন তরুণ উচ্চ রক্তচাপে আক্রান্ত। চিপস, আচার, বার্গার, পিৎজা, কোমল পানীয় ও অতিরিক্ত চিনি-লবণযুক্ত খাবার তরুণদের রক্তচাপ বাড়াচ্ছে। কিশোর-তরুণদের মধ্যে ফলমূল ও শাকসবজি খাওয়ার প্রবণতা কমছে।

এছাড়া ধূমপান, মাদক, বায়ুদূষণ ও শব্দদূষণও উচ্চ রক্তচাপের বড় ঝুঁকি হিসেবে কাজ করছে। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন, তাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি। 

মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শাহাবুল হুদা চৌধুরী বলেন, বয়স ৫০-এর কাছাকাছি গেলে অর্ধেকের বেশি মানুষ উচ্চ রক্তচাপ বা এর ঝুঁকিতে পড়েন। উদ্বেগের বিষয় হলো, তরুণ কর্মজীবীদের মধ্যেও উচ্চ রক্তচাপ বাড়ছে। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, উচ্চ রক্তচাপ ও হৃদরোগ কেবল প্রাপ্তবয়স্কদের মধ্যেই আর সীমাবদ্ধ নেই, বর্তমানে তরুণদের মধ্যেও এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 

তিনি বলেন, খাদ্যাভ্যাস ও জীবনাচরণে পরিবর্তন এবং রক্তচাপ পরীক্ষার মাধ্যমে তরুণ জনগোষ্ঠীর মধ্যে উচ্চ রক্তচাপের প্রকোপ কমানো সম্ভব।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম