Logo
Logo
×
   

অর্থনীতি

‘বিমাখাতের বড় সমস্যা আস্থা সংকট’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

‘বিমাখাতের বড় সমস্যা আস্থা সংকট’


বিমাখাতে বড় সমস্যা গ্রাহকের আস্থা সংকট। তবে এটি একেবারে অযৌক্তিক নয়। অনেক কোম্পানি বিমা দাবি পরিশোধ করে না। এজন্য ভালো কোম্পানির বদনাম নিতে হয়। সাম্প্রতিক সময়ে কয়েকটি বিমা কোম্পানি দাবি পরিশোধ না করায় সামগ্রিকভাবে খাতের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ অবস্থার উত্তরণে সবাইকে কাজ করতে হবে। 

বুধবার রাজধানীর কাওরানবাজারের নিজস্ব কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আয়োজিত কর্মশালায় বক্তারা এ কথা বলেন। কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি ও পপুলার লাইফ ইন্স্যুরেন্সের (সিইও) বিএম ইউসুফ আলী। এতে উপস্থিত ছিলেন ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গাযী আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন প্রমুখ।

ইউসুফ আলী বলেন, বেশ কয়েকটি কোম্পানি গ্রাহকের বিমা দাবি নির্ধারিত সময়ে পরিশোধ করছে। কিন্তু হাতেগোনা কয়েকটি কোম্পানি দাবি পরিশোধ না করায়, পুরো খাতে আস্থার সংকট তৈরি হয়েছে। 

তিনি বলেন, যেসব দুর্বল কোম্পানি আছে, তাদের নিয়ে নেতিবাচক প্রচারণা কোনো সমাধান নয়। কীভাবে সেগুলো মূলধারায় নিয়ে আসা যায়, সেদিকে নজর দেওয়া উচিত।

তিনি আরও বলেন, কয়েকটি বিমা কোম্পানি যথাসময়ে গ্রাহকের বিমা দাবি পরিশোধে ব্যর্থ হয়েছে। এতে আস্থার সংকটে পড়েছে বিমাখাত। গ্রাহকের টাকা কোম্পানিগুলোর কাছে আমানত হিসেবে থাকে। কিন্তু অনেক কোম্পানি ‘ইসলামি ইন্স্যুরেন্স’ নাম দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা আর ফেরত দিচ্ছে না। এ ধরনের কাজ গ্রাহকের সঙ্গে প্রতারণা। 

তার মতে, খারাপ কোম্পানিগুলোকে ভালো করার উদ্যোগ নিতে হবে। কোনো একটি কোম্পানি একদিনেই দুর্বল হয় না। যখন থেকে কোনো কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করতে পারছে না, তখনই নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপ করা উচিত। গ্রাহকের টাকা কোথায় আছে সেটি খুঁজে বের করতে হবে। 

তিনি আরও বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নানা আইন-কানুনের মাধ্যমে এ খাতের শৃঙ্খলা আনার চেষ্টা চালাচ্ছে। নিয়ন্ত্রণ সংস্থার পাশাপাশি কোম্পানিগুলোকেও গ্রাহকের টাকা  ফেরত দেওয়ার বিষয়ে আন্তরিক হতে হবে। 

কাজিম উদ্দিন বলেন, এ খাতে অন্যতম সমস্যা আস্থার সংকট ও নেতিবাচক প্রচারণা। এটি একেবারে অযৌক্তিক নয়। কয়েকটি কোম্পানি গ্রাহকের টাকা দিতে পারছে না। এজন্য সবাইকে বদনাম নিতে হচ্ছে। ভালো কোম্পানিরগুলোর ইতিবাচক কার্যক্রম সামনে আসছে না।  

তিনি বলেন, বিমাখাতের সঠিক তথ্য গ্রাহকের কাছে পৌঁছানোর দায়িত্ব সাংবাদিকদের। কিন্তু তার আগে এ খাতের বিভিন্ন দিক সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা আবশ্যক। একমাত্র প্রশিক্ষণের মাধ্যমেই তা করা সম্ভব।  বিমা দাবি পরিশোধ না করলে কোনো কোম্পানির পক্ষেই গ্রাহকের আস্থায় পৌঁছানো সম্ভব নয়। 

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের বীমা কোম্পানির আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন ন্যাশনাল লাইফের সিএফও প্রবীর চন্দ্র। এছাড়া উপস্থিত ছিলেন পপুলার লাইফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফিরোজ রানা এবং ন্যাশনাল লাইফে জনসংযোগ কর্মকর্তা আমির হোসেন জনি। 
 

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .