পিরোজপুর-১: মনোনয়ন জমা দিলেন সাঈদীপুত্র শামীম
Advertisement
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৮, ১১:১০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যাপক চমক সৃষ্টি করে পিরোজপুর-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে আজীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদীর পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে পিরোজপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু আলী মো. সাজ্জাদ হোসেনের কাছে প্রার্থীর পক্ষে শামীম সাঈদীর ছোট ভাই ও ইন্দুরকানি উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদ সাঈদী মনোনয়নপত্র জমা দেন।
সংসদ নির্বাচনের বাতাস বইতে শুরু করার পর থেকেই চাউর ছিল শামীম সাঈদী নির্বাচনে আসবেন না। আবার এমনও শোনা যাচ্ছিল তিনি পিরোজপুর-২ আসন (কাউখালী-ভাণ্ডারিয়া-ইন্দুরকানি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু ভোটারদের অবাক করেই তিনি পিরোজপুর-১ আসনেই অবশেষে প্রার্থী হলেন।
উল্লেখ্য, যুদ্ধাপরাধের মামলায় আজীবন কারান্তরীন দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুর-১ আসন থেকে ৯৬’ ও ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান প্রয়াত সুধাংশু শেখর হালদারকে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করে জামায়াত থেকে পরপর দুবার সংসদ সদস্য হিসেবে নির্বাচত হয়েছিলেন।
