Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৩ পিএম

প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

Advertisement

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ড (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। এটাই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্রের এমা জয়।

১১ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টার-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর ছবিটির প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, এই অর্জনের মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে জায়গা করে নিয়েছে।

ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গোলাম রাব্বানী, সহপরিচালক জহিরুল ইসলাম। রাব্বানী বলেন, ‘সত্যিই খবরটা আনন্দের। এমা অ্যাওয়ার্ডের ৩৫তম আসরে পুরস্কার জিতেছে আমাদের নিশি। এই অ্যাওয়ার্ডে প্রথমবার কোনো বাংলাদেশি ছবি এই পুরস্কার অর্জন করল। এটা বাংলা ছবির ইতিহাসে এক গৌরবময় অর্জন। এই প্রাপ্তি আমার সিনেমা জার্নিকে আরও বেগবান করবে। সিনেমায় আমি প্রাণ প্রকৃতির গল্প বলে যেতে চাই সব সময়।’

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনোস্ক ঢাকার সহযোগিতায় ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির গল্পে দেখা যাবে একজন চা শ্রমিকের কন্যা সন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সঙ্কটের কারণে। বাড়িতে একটা টিউবওয়েল দেওয়ার নাম করে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। ছবিটিতে অভিনয় করেছেন, নিশি, বিশ্বজিৎ, গণেষ, ভারতী।

পোল্যান্ডের বিখ্যাত ফিল্মস্কুল লজ ফিল্ম স্কুলে এই ছবিটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে। ‘নিশি’ই বাংলাদেশের প্রথম কোনো সিনেমা যার পোস্ট প্রোডাকশনের কাজ হয়েছে লজ ফিল্ম স্কুলে। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন এই ফিল্ম স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা বাগানের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে।

গোলাম রাব্বানী জানান, ছবিটি বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশেও ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম