Logo
Logo
×

বিনোদন

গেরো কাটাতে আদালতে নির্মাতারা, শেষ সিনেমা মুক্তিতে ভাগ্য বিরূপ বিজয়ের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৫ পিএম

গেরো কাটাতে আদালতে নির্মাতারা, শেষ সিনেমা মুক্তিতে ভাগ্য বিরূপ বিজয়ের

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার বিজয় থালাপতির শেষ সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাওয়ার কথা ছিল শুক্রবার (৯ জানুয়ারি)। এটিই অভিনেতার শেষ সিনেমা। কিন্তু অনির্দিষ্টকালের জন্য সেই মুক্তি স্থগিত হওয়াতে আদালতের শরণাপন্ন হলেন সিনেমার নির্মাতারা। ভারতীয় সেন্সর বোর্ড (সিবিএফসি) প্রশংসাপত্র আটকে দেওয়ায় থমকে যায় মুক্তি। এরপর নির্মাতারা দ্বারস্থ হন মাদ্রাজ হাইকোর্টের।

শুক্রবার ভারতীয় সেন্সর বোর্ডকে ইউ-এ-১৬ প্রশংসাপত্র দেওয়ার নির্দেশ দেন মাদ্রাজ হাইকোর্ট। কিন্তু পরমুহূর্তেই সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করেন উচ্চ আদালত। পরবর্তী শুনানির তারিখ ২১ জানুয়ারি। নির্মাতারা বোঝেন, সিনেমা মুক্তি বিশ বাঁও জলে। 

গণমাধ্যমে প্রকাশ, বিষয়টি বুঝেই নাকি তারা দেশের শীর্ষ আদালতের দারস্থ হবেন বলে ঠিক করেছেন। যদিও টিম ‘জন নায়গন’-এর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে বিজয়ের শেষ সিনেমার ভাগ্য বিপর্যয় নিয়ে কথা বলেছেন ‘জন নায়গন’ সিনেমার প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যাদের কঠোর পরিশ্রম এ সিনেমার পরতে পরতে জড়ানো, সিনেমা মুক্তি তাদের কাছে আবেগ। তারচেয়েও বড় কথা— কয়েক দশক ধরে সিনেমাপ্রেমী দর্শকদের মনোরঞ্জনের পর শেষ সিনেমায় নায়ক থালাপতি বিজয় এভাবে ভাগ্য বিপর্যয়ের সম্মুখীন হবেন, তা ভাবতে খারাপ লাগছে। এ সিনেমার মাধ্যমেই আমরা ওকে বিদায়-সংবর্ধনা দেব ভেবেছিলাম।

সেন্সর বোর্ড ও উচ্চ আদালতের টানাপোড়েনে একটি সিনেমার মুক্তি আটকে গেছে। এ বিষয়টি মেনে নিতে পারছেন না আরেক খ্যাতনামা অভিনেতা কমল হাসানও। তিনি বিজয় থালাপতিকে সমর্থন জানিয়ে দীর্ঘ বার্তা দিয়েছেন। অভিনেতা লিখেছেন—সেন্সর বোর্ডের ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়ার একটি নীতিগত পুনর্বিবেচনার প্রয়োজন। তার জন্য নির্দিষ্ট সময়সীমা, স্বচ্ছ মূল্যায়ন এবং প্রতিটি প্রস্তাবিত ‘কাট’ বা সম্পাদনার জন্য লিখিত, যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে হবে। 

প্রসঙ্গত, বিজয়ের শেষ সিনেমায় নাকি ২১টি ‘কাট’ বা দৃশ্য সম্পাদনার দাবি জানিয়েছে সেন্সর বোর্ড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম