Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বরেণ্য সংগীতশিল্পী মলয় কুমার মারা গেছেন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

বরেণ্য সংগীতশিল্পী মলয় কুমার মারা গেছেন

মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী ৮০ বছর বয়সে মারা গেছেন। ছবি: সংগৃহীত

Advertisement

বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার গাঙ্গুলী মারা গেছেন।  সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।  মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তবলাশিল্পী পল্লব স্যানাল।  দীর্ঘদিন ধরেই ফুসফুসের জটিলতা ও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মলয় কুমার।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। 

তার মরদেহ সোমবার (১২ জানুয়ারি) ২টায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়।  তার একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে ফিরলে শেষকৃত্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বরেণ্য এই সংগীতশিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সঙ্গীতাঙ্গনে।  তার মৃত্যুতে শোক জানিয়ে একাত্তরের কণ্ঠযোদ্ধা তিমির নন্দী এক ফেসবুক পোস্টে লিখেন, ‘আমরা দিনে দিনে খুব একা হয়ে যাচ্ছি।  এই শূন্যতা পূরণ হবার নয়।  যেখানে আছেন, ভালো থাকুন, মলয়দা।  দেশের জন্য আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জনপ্রিয় সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী ও ‘ভাওইয়া অঙ্গন’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক একেএম মোস্তাফিজুর রহমানসহ ইন্ডাস্ট্রির অনেকেই শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম হয় মলয় কুমারের।  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে কণ্ঠকে অস্ত্র করে লড়াই করেছেন তিনি।  তখন বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। বালিগঞ্জ সার্কুলার রোডে থেকে নিয়মিত গান লিখতেন, সুর করতেন এবং কণ্ঠে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেন এই শিল্পী।

বেতারকেন্দ্রে এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানে এককভাবে কণ্ঠ দেন। পরবর্তীতে তিনি ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গান গেয়ে শ্রোতামহলে আলোড়ন সৃষ্টি করেন। 

এছাড়াও তিনি আলোচিত গান ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’র সুরকার।  একইসঙ্গে গানটি গেয়েছেনও তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম